দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পেট্রোল পাম্প সংলগ্ন দুর্গাপুর নগর নিগমের পার্কিং জোনের ঠিকাদার বিষ্ণু থাপা খুনে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া বিজয় শ্রীবাস্তবকে বুধবার দুর্গাপুর আদালতে পুলিশ পেশ করলে বিচারক অভিযুক্তকে ১০দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

বুধবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ধৃত বিজয় শ্রীবাস্তবকে দুর্গাপুর আদালতে পেশ করার সময় বিজয় শ্রীবাস্তব বিষ্ণু খুনে তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও চন্দ্রশেখর ব্যানার্জী রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন বিজয় শ্রীবাস্তব।

এদিকে, বিষ্ণু থাপা খুনে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও ডিএমসির মেয়র পরিষদ চন্দ্রশেখর ব্যানার্জী। বিধায়ক বলেন, যেদিন বিষ্ণু থাপা খুন হন সেইদিন রাতে বিষ্ণুর পরিবার বিষ্ণুর মৃতদেহ নিয়ে কোকওভেন থানায় খুনিদের গ্রেফতারের দাবিতে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখনই পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিজয় শ্রীবাস্তবের নামে অভিযোগ জানানো হয়। বিষ্ণু থাপার স্ত্রী বিষ্ণু খুনে দীপক সাউ সহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি বিধায়ক বিশ্বনাথ পড়িয়ালে। একই কথা বলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ চন্দ্রশেখর ব্যানার্জীও। অন্যদিকে, বিষ্ণু থাপা খুনে মূল অভিযুক্ত কুখ্যাত অপরাধী তোলাবাজ দীপক সাউ এখনও অধরা।

Like Us On Facebook