রবিবার সাত সকালে দুর্গাপুরে এক সজারু উদ্ধার হল। দুর্গাপুরের কোকওভেন থানার পশ্চিম রেলগেটের কাছে এদিন একটি পূর্ণ বয়স্ক সজারুর দেখা মেলে। এরপরেই কৌতুহলী মানুষের ঢল নামে সজারুটিকে একবার দেখতে। স্থানীয় মানুষ কোকওভেন থানায় খবর দেন। সজারুটিকে উদ্ধার করতে আসেন দুর্গাপুর স্নেক অ্যান্ড ওয়াইল্ড লাইফ লাভার্স সংস্থার সদস্যরা।

জানা গেছে, উদ্ধারের পর দেখা যায় যে প্রায় দশ কিলো ওজন সজারুটির। কোকওভেন থানায় সজারুটিকে আনা হয়। সজারু টিকে এক পলক দেখতে কোকওভেন থানায় ভিড় জমে যায়। পরে সজারুটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বেশ কিছু এই ধরণের সজারু দুর্গাপুরে আছে বলে জানিয়েছেন বন দফতর ও দুর্গাপুর স্নেক অ্যান্ড ওয়াইল্ড লাইফ লাভার্সের সদস্য দেবাশীষ মজুমদার। দেবাশীষবাবু বলেন, ‘এরা সাধারণত নিশাচর এবং শাকাহারি। তাছাড়া মানুষের কোন ক্ষতি করে না এরা। এদের ক্ষতি করতে গেলে তখন এরা গায়ের কাঁটা দিয়ে তা প্রতিহত করতে উদ্যত হয়। সজারু শাকসবজি খায়। গভীর রাতে নিশুতি অন্ধকারে বের হয়। তাই সাধারণ মানুষ এদের দেখতে পায় না। কিন্তু আমরা যারা রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় কাজের প্রয়োজনে যাই, তখন দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রায়ই সজারু দেখতে পাই।’


Like Us On Facebook