খানাখন্দে ভরা রাস্তায় মাছের চারা ছেড়ে রাস্তা সারাইয়ের দাবিতে রবিবার দুর্গাপুরের বনফুল সরণী অবরোধ করে বিক্ষোভ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যদের। ডিওয়াইএফআই-এর সঙ্গে বিক্ষোভে অংশ নেন এসএফআই সদস্যরাও। দুর্গাপুর নগরনিগমের ৪ নং বরো কার্যালয়ের সামনে এদিনের অবরোধে দাঁড়িয়ে যায় সারি সারি গাড়ি। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের বোঝাতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের হাতে মাছের চারা ধরিয়ে দেয়। বেশকিছুক্ষণ অবরোধ কর্মসূচি চলার পর পুলিশী আশ্বাসে শেষমেষ উঠে যায় অবরোধ। শহরের বেহাল রাস্তা নিয়ে লাগাতার আন্দোলন চলবে বলে জানান বিক্ষোভকারীরা। রবিবার একই দাবিতে দুর্গাপুর বাস স্ট্যান্ডে প্রবেশের মূল রাস্তা অবরোধ করেও বিক্ষোভ চলে। এরপরে দুর্গাপুর – বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আটকে পরে সরকারি বাস থেকে বেসরকারি যানবাহন। প্রায় আধ ঘন্টা অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।









