নারী নিরাপত্তায় সেফটি জ্যাকেট ও ব্রেসলেট তৈরি করল দুর্গাপুরের বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর চার পড়ুয়া। দুর্গাপুরের বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর ইলেকট্রনিক ডিপার্টমেন্টের প্রথম বর্ষের চার পড়ুয়া ওই বিশেষ ধরণের জ্যাকেট ও ব্রেসলেট তৈরি করেছেন। বিপদে পড়লে মহিলারা ওই জ্যাকেট ও ব্রেসলেটের মাধ্যমে স্থানীয় থানা এবং তাঁর বাড়িতে অনায়াসেই জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে লোকেশন সহ বিপদ সংকেত এবং জ্যাকেটে থাকা ক্যামেরার মাধ্যমে লাইভ ছবি পাঠাতে পারবেন। পাশাপাশি জ্যাকেটের মাধ্যমে দুষ্কৃতিদের বিদ্যুতের শক দিয়ে কুপোকাৎ করা যাবে।

পড়ুয়ারা জানিয়েছেন, বিপদে পড়লে ব্রেসলেটে থাকা একটি বোতাম টিপে দিলে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে স্থানীয় থানা এবং যিনি ব্রেসলেট পরিধান করেছেন তাঁর পরিবারের কাছে ভৌগলিক অবস্থান সহ বিপদ সংকেত চলে যাবে। সেই সঙ্গে জ্যাকেটের ক্যামেরা অন হয়ে লাইভ ভিডিও স্ট্রিম দেখতে পাবেন সংশ্লিষ্ট এলাকার থানা এবং মহিলার পরিবার। পাশাপাশি জ্যাকেটের মধ্যে ইলেক্ট্রিক ফ্লো চালু হয়ে যাবে, কোন ভাবে দুষ্কৃতিরা মহিলার গা স্পর্শ করলে জ্যাকেটের মাধ্যমে দুষ্কৃতিদের তীব্র বিদ্যুতের শক লাগবে। জ্যাকেট আবিষ্কারক চার পড়ুয়ার এক পড়ুয়া সৈকত চৌধুরীর দাবি, ইতিমধ্যেই এই জ্যাকেটটি দেশের বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রদর্শনীতে গিয়ে যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। জ্যাকেটটি বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পেটেন্টের আবেদন করেছি। এবং পেটেন্ট পেয়ে গেলে জ্যাকেটটি বাজারজাত করা হবে বলে জানান বেঙ্গল কলেজের সিনিয়র ল্যাব ইন্সট্রাক্টর অধ্যাপক সমীর বসাক। সমীরবাবুর দাবি, আগামী বছরের মধ্যেই এই জ্যাকেটটি বাজারজাত করা যাবে এবং বাজার মূল্য ধরা হয়েছে আনুমানিক ৫ হাজার টাকা।

Like Us On Facebook