দুর্গাপুরের ভিড়িঙ্গী অরবিন্দ পল্লীর স্থানীয় বাসিন্দাদের ব্যবহৃত পুকুরটি এক প্রোমোটারের ঘিরে ফেলাকে কেন্দ্র করে বিতর্ক নতুন মোড় নিল। দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ২নং বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদারের মদতে এলাকার প্রভাবশালী প্রমোটার বাবলু দাস স্থানীয় বাসিন্দাদের ব্যবহৃত পুকুর টিতে প্রমোটিং-এর কাজে ব্যবহারের জন্য পাঁচিল দেওয়া চলছে বলে অভিযোগ জানিয়ে ২ নভেম্বর দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে অরবিন্দ পল্লীর নাগরিক বৃন্দের নামে অভিযোগ পত্র জমা দেয়।
৩ নভেম্বর আত্মপক্ষ সমর্থন করে বাসিন্দাদের পুকুর বিতর্কের অভিযোগ নস্যাৎ করে পাল্টা অভিযোগ জানিয়ে মহকুমাশাসককে চিঠি দেন় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ২ নম্বর বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার। রমা প্রসাদবাবু অরবিন্দ পল্লী নাগরিক বৃন্দের নামে চিঠিটিতে নাগরিক বৃন্দের সই না থাকায় অভিযোগ পত্রটিকে জাল বলে পাল্টা অভিযোগ করেন। এলাকার বাসিন্দা ও কাউন্সিলর তথা বরো চেয়ারম্যানের সঙ্গে নার্ভের লড়াইয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বরো চেয়ারম্যান মহকুমাশাসককে দেওয়া অভিযোগ পত্রে অভিযোগকারি নাগরিকদের সই না থাকা নিয়ে প্রশ্ন তোলায় অরবিন্দ পল্লীর বাসিন্দারা উদ্বিগ্ন।






