কাজ করেও গত তিন মাস ধরে কারখানার ২০০ ঠিকা শ্রমিক বেতন হাতে পাননি বলে অভিযোগ। কেউ উত্তর প্রদেশ আবার কেউ বিহারের বাসিন্দা। হাতে পরিশ্রমের টাকা না থাকায় তাঁরা লকডাউনে চরম দুর্ভোগে পড়েছেন। করোনা আবহে শ্রমিক বঞ্চনার অভিযোগে সোমবার দুর্গাপুরের লেলিন সরণিতে প্রায় ২০০ ঠিকা শ্রমিক একটি বেসরকারি কারখানার সামনে অবিলম্বে বকেয়া বেতন দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান।
শ্রমিকরা বলেন, ‘তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে ২০০ ঠিকা শ্রমিকের বেতন দিচ্ছে না। এই লকডাউনে আমরা তাই চরম দুর্ভোগে পড়েছি। কারখানা কর্তৃপক্ষ অবিলম্বে যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করে দেয়। নাহলে আমরা এই লকডাউনের মধ্যেই বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো।’ অভিযোগ, বিক্ষোভরত শ্রমিকরা এদিন উত্তেজিত হয়ে কারখানার সামনের সিসি ক্যামেরা ভেঙে দেন এবং কারখানা লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







