আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওশন ওয়ার্ল্ড’-এ ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন দুর্গাপুরের মেয়ে অনিন্দিতা চন্দ্র। সমুদ্রের পরিবেশ ও সামুদ্রিক প্রাণ রক্ষা নিয়ে সচেতনতার বার্তা দিতে প্রতি বছর সামুদ্রিক পরিবেশে আয়োজন হয় এই সৌন্দর্য প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধয় দুর্গাপুরের অনিন্দিতা চন্দ্র। জানা গেছে, দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা অনিন্দিতা। স্টিল টাউনশিপের বি-জোনের ভারতী রোডের বাসিন্দা তিনি। জন্ম, পড়াশোনা বেড়ে উঠা সব এই দুর্গাপুরেই। পড়াশোনার সুবাদে অনিন্দিতা বর্তমানে বেঙ্গালুরুতে অ্যানাস্থেটিক টেকনোলজির বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা ডিএসপিতে কর্মরত, বাবার নাম জয়দেব চন্দ্র। মা জয়শ্রী চন্দ্র যোগ প্রশিক্ষক। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, নাচের প্রশিক্ষণ নিয়েছেন অনিন্দিতা। জেলাস্তরে ব্যাডমিন্টন-সহ বিভিন্ন অ্যাথলেটিক প্রতিযোগিতায় সাফল্যও অর্জন করেছেন তিনি। পাশাপাশি ভারতনাট্যমেও পারদর্শী অনিন্দিতা।
জানা গেছে, ২০১৭-য় দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল ‘মিস সাউথ বেঙ্গল’ সৌন্দর্য প্রতিযোগিতা। আর সেখানে অংশ নিয়ে সফল হন অনিন্দিতা। তারপর থেকেই তাঁর ধ্যান জ্ঞান নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করা। এরপরেই ‘মিস ওশন ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার অডিশন পর্বে যোগদানের সুযোগ পেয়ে যান। এরপর আর পিছন ফিরে তাকাননি বাংলার এই তনয়া। দিল্লি, জয়পুর, রাজস্থান সহ দেশের একাধিক শহর থেকে অডিশনে সুযোগ পাওয়া সুন্দরীদের পিছনে ফেলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান অনিন্দিতা।
‘মিস ওশন ওয়ার্ল্ড’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল মালয়েশিয়ায়। কিন্তু করোনার জন্য প্রতিযোগিতা হচ্ছে অনলাইনে। ৩০ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালে। তার আগে ১ ডিসেম্বর ভার্চুয়ালি শুরু হয়েছে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। বিশ্বের মোট ৪৫টি দেশের তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মেয়ে বিশ্বের দরবারে নিজের দেশের প্রতিনিধিত্ব করায় স্বভাবতই খুশি অনিন্দিতার বাবা ও মা। এখন অনিন্দিতার বাবা-মায়ের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের মেয়ের সাফল্য কামনা করছে গোটা দুর্গাপুর।







