করোনা মোকাবিলায় র্যাপিড অ্যান্টিবডি টেস্টের দাবিতে দীর্ঘদিন ধরেই দুর্গাপুরে আন্দোলন করছেন বাম কর্মীরা। কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বামেদের সেই দাবিকে আমল দেয়নি। করোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র দুই সরকার ব্যর্থ, আর সেই ব্যর্থতায় সর্বত্রই গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে বলে অভিযোগ সিপিএম কর্মীদের।
দুর্গাপুরেও একই চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ বাম নেতা-কর্মীদের। তাই কেন্দ্র বা রাজ্য সরকারের উপর আর নির্ভর না করে দুর্গাপুরের সিপিআইএম কর্মীরা নিজেদের উদ্যোগে করোনার অ্যান্টিবডি পরীক্ষা করানোর উদ্যোগ নিলেন। একটি বেসরকারি প্যাথল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে দুর্গাপুরে নামমাত্র খরচে করোনার অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করেন বামেরা। দুর্গাপুরের সগড়ভাঙার গ্রাফাইট ইন্ডিয়া কারখানার সামনে এই শিবির হয় মঙ্গলবার। জানা গেছে, এদিনের শিবিরে প্রায় ২০০ জন মানুষ অ্যান্টিবডি টেস্ট করান। বাম কর্মীরা জানান, এরপর দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এই অ্যান্টিবডি টেস্টের শিবির করা হবে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘আমরা প্রথম থেকে র্যাপিড টেস্টের দাবি তুলেছিলাম, কিন্তু তখন সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আজ তারা নিজেদের ভুল সিদ্ধান্তের বিষয়টি বুঝতে পেরেছে। কিন্তু যতটা বিপদ হওয়ার কথা তার থেকে বেশি হয়ে গেছে এখন।’







