মোটর ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন, তাঁদের মধ্যে দু’জনের জখম গুরুতর। আহতরা প্রত্যেকেই মোটর ভ্যানের যাত্রী। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। ভাতাড়ের পাটনা মোড় বাসস্ট্যান্ডের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। আহতরা প্রত্যেকেই নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মঞ্জুলা গ্রামের বাসিন্দা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুকান্ত মাঝি ও বামা মাজি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মঞ্জুলা গ্রাম থেকে কয়েকজন একটি মোটর ভ্যানে বলগনা আসছিলেন। ভাতড়ের পাটনা মোড়ে মোটর ভ্যানটি মেন রোডে ওঠার সময় বর্ধমান-জঙ্গিপুর রুটের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস যাত্রীরা অল্পবিস্তর আহত হলেও মোটর ভ্যানের চালক সহ যাত্রীরা গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাতাড় হাসপাতালে ভর্তি করেন। দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ভাতাড় বলগোনা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামলায়।







