করোনা মোকাবিলায় এখন একমাত্র উপায় হল সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখা। বিশেষজ্ঞদের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলা। সেই জন্যই দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের সময় বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের তত্ত্বকে শিকেয় তুলে ক্রেতারা জিনিসপত্র কিনতে ভীড় জমাচ্ছেন।
বিভিন্ন বাজারে ভীড় এড়াতে দুর্গাপুর মহকুমা প্রশাসন ইতিমধ্যেই দুর্গাপুরের অন্যতম বড় বাজার বেনাচিতি বাজার, দুর্গাপুরের সেন মার্কেট, স্টেশন বাজার, মুচিপাড়া বাজারকে খোলা মাঠে স্থানান্তরিত করেছে। সোমবার থেকে দুর্গাপুরের অন্যতম অভিজাত এলাকা বিধাননগরের ডিডিএ মার্কেট স্থানীয় ক্লাব স্যান্টোসের মাঠে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, এলাকার ক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় সব্জি-ফল-মাছ কিনে বাড়ি নিয়ে যেতে পারেন তার উদ্যোগ নেন স্থানীয় কাউন্সিলর ডা. ছবি নন্দী ও বিধাননগর রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। পুলিশের নজরদারিতে সোমবার বাজারে ক্রেতারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাজার করেন বলে জানা গেছে।







