এবার আর কথার কথা নয়, নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রশাসনিক নির্দেশ অমান্য করলে যে দুর্গাপুর মহকুমা প্রশাসন কোন রেয়াত করবে না তা হাতে নাতে প্রমাণ পেলেন দুর্গাপুরের বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা। শুক্রবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা পঞ্চাশ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে বিশেষ অভিযানে দুর্গাপুরের অন্যতম প্রধান বাজার বেনাচিতিতে যান। পুলিশ, দুর্গাপুর পৌরসভা, দুষণ পর্ষদ ও দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।

অভিযানে গিয়ে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মহকুমা শাসক শঙ্খ সাঁতরা সপার্ষদ একটি প্লাস্টিকের ক্যারি ব্যাগ তৈরির কারখানায় হানা দেন। জানা গেছে, ওই কারখানার মালিক ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় প্রশাসনিক কাগজ পত্র ছাড়াই অবৈধভাবে কুড়ি বা তিরিশ মাইক্রণের নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ গুলিকে পঞ্চাশ মাইক্রনের ছাপ দিয়ে বাজারে বিক্রি করত। মহকুমাশাসক প্লাস্টিকের ক্যারি ব্যাগ গুলিকে পরীক্ষা করে দেখে অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রনাথ গড়াইকে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন পুলিশকে।

অভিযান শেষে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করে পঞ্চাশ মাইক্রনের নীচের প্লাস্টিকের ক্যারি ব্যাগে পঞ্চাশ মাইক্রনের ছাপ দিয়ে বাজারে সরবরাহ করার অপরাধে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হল। মহকুমাশাসক বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার অভিযানে গিয়ে মহকুমাশাসক কড়া ব্যবস্থা নিতেই দুর্গাপুর শিল্পাঞ্চলে এর ইতিবাচক প্রভাব পড়েছে। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ছাপার ওই কারখানাটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সিল করে দেওয়া হয়।

Like Us On Facebook