দুর্গাপুর ব্যারেজের ক্ষতিগ্রস্ত ১নং লকগেটে নতুন লকগেট বসানোর কাজ শুরু হল শুক্রবার সকাল থেকে। কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থা নতুন ২ টি লকগেট তৈরি করে এনে বিপর্যস্ত ১নং গেটে নতুন একটি লকগেট বসিয়ে পুরানো লকগেটটি সরিয়ে নেওয়া হবে এবং অপর একটি লকগেট আপদকালীন পরিস্থিতির জন্য ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রাখা হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে।
প্রায় ১৬ কোটি টাকা খরচ করে নতুন লকগেট বসানোর কাজ শুরু হয়েছে। জানা গেছে এবার দুর্গাপুর ব্যারেজের পুরানো ১৩ টি লকগেটও মেরামতি করা হবে। ২০১৭ সালের ২৪ নভেম্বর হঠাৎ করে দামোদর ব্যারেজে লকগেট ভেঙে দামোদরের জলাধার জলশূন্য হয়ে পড়ে। দুর্গাপুরও জলশূন্য হয়ে পানীয় জলের তীব্র হাহাকার হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে লকগেটের মেরামতি করা হয় এবং একটি ভাসমান লকগেট বসানো হয় বিপর্যস্ত লকগেটে। আসন্ন বর্ষায় যাতে ফের কোন বিপর্যয় না ঘটে সেই লক্ষ্যেই রাজ্য সেচ দপ্তর তৎপরতার সঙ্গে দামোদরের জলাধারের ক্ষতিগ্রস্ত লকগেটটি সরিয়ে নিয়ে নতুন লকগেট বসানোর উদ্যোগ নেয় বলে জানা গেছে।








