এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রবিবার দুর্গাপুরে পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তিনি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন পরিবারের লোকজন। মৃতের নাম হেমন্ত কুমার রজক। বি-জোন ফাঁড়িতে কর্মরত ছিলেন। বাড়ি বি-জোন টাউনশিপের বিদ্যাপতি রোডে।
পরিবার সূত্রে জানা গেছে, হেমন্তদের পারিবারিক লন্ড্রীর ব্যাবসা রয়েছে চন্ডীদাস বাজারে। বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল হেমন্তর। কিন্তু স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় চন্ডিদাসের লন্ড্রীতেই থাকতেন এই যুবক। রবিবার ভোরে হেমন্তর বাবা ডাকতে এসে দেখেন মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছে হেমন্তের। এরপরেই তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেমন্তকে। আইসিইউতে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। কোন কীটনাশক খেয়েই আত্মহত্যা করেছে বলে অনুমান পরিবারের লোকজনদের। মৃতদেহ ময়নাতদন্তর জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।






