দুর্গাপুরের মামড়া বাজারের একটি দোকান থেকে মোবাইল চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে ব্যবসায়ীরা ধরে পুলিশে দেন এবং অপর এক সন্দেহ ভাজন যুবককে না পেয়ে তাঁর মাকে কোমরে দড়ি পরিয়ে পাড়া ঘোরালেন স্থানীয় মানুষ। জানা গেছে, মামড়া বাজারের একটি দোকান থেকে একটি মোবাইল চুরি যায়। দোকানের মালিক ও তাঁর সঙ্গীরা সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করেন এক যুবককে। তাঁর খোঁজ করে দোকানদার ঝর্ণাপল্লী এলাকায় তাকে ধরে ফেলেন। ওই যুবকের কাছ থেকে তাঁর আর এক সঙ্গীর ঠিকানা পান ব্যবসায়ীরা। যার বাড়ি মহালক্ষী পার্কে। রবিবার রাতে ধৃত যুবককে সঙ্গে নিয়ে মহালক্ষী পার্কের ওই বাড়িতে আসেন মামড়া বাজারের বেশ কিছু ব্যাবসায়ী সহ এলাকাবাসী। কিন্তু সেই যুবক বাড়িতে ছিলেন না। তাঁর বাবা ও মা বাড়িতে ছিলেন। কিন্তু ছেলের সন্ধান তাঁরা দিতে পারেননি। এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। জনতার হাতে ধৃত যুবককে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ, সঙ্গে পলাতক যুবকের বাবাকেও নিয়ে যায়।

পুলিশ চলে যাওয়ার পর জনতার রোষ গিয়ে পড়ে পলাতক যুবকের মায়ের ওপর। পাড়ার মহিলারা পলাতক যুবকের বাড়িতে ঢুকে বেঁধে ফেলেন তাঁর মাকে। এরপর রাস্তা দিয়ে টানতে টানতে ওই মহিলাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হন এলাকার বেশ কয়েকজন মহিলা সহ বেশ কিছু লোক। স্বভাবতই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মহালক্ষ্মী পার্ক এলাকায়। জনতার হাতে ধৃত যুবক স্বীকার করে নিয়েছে যে তাঁরা দু’জনে একটি মোবাইল চুরি করেছে। এর আগেও মোবাইল চুরি করে ধরা পড়েছিল একবার। তাঁর পলাতক সঙ্গী সহ আরও কয়েকজন শহরের বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাই করে বলে স্বীকার করেছে ওই যুবক।

Like Us On Facebook