প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফরের কয়েক ঘন্টা আগে শুক্রবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির একটি শপিং মলে একটি পরিত্যক্ত স্যুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। খবর পেয়ে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় মলে।

মলের কর্তব্যরত আধিকারিক ও কর্মীদের সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার এক যুবক শপিংমলে ঢোকার আগে তাঁর স্যুটকেসটি ব্যাগপত্র রাখার জায়গায় জমা রেখে মলে প্রবেশ করেন। কিন্তু তারপর স্যুটকেসটি না নিয়েই সেই যুবক চলে যান। চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত দাবিহীন সুটকেসটি নিয়ে মলের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই বিষয়টি স্থানীয় পুলিশের নজের আনেন শপিংমল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি’র বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে যে পরিত্যক্ত স্যুটকেসটিকে উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। একই সঙ্গে শপিংমলটিতে তল্লাশি চালায় বোম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। রাত পোহালেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। তার আগের দিন ব্যস্ততম রাস্তা বেনাচিতির নাচন রোডের উপর শপিং মলে পরিত্যক্ত স্যুটকেস পাওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে।




Like Us On Facebook