২২ ডিসেম্বর রাতে গ্রাফাইট ইন্ডিয়া কারখানার শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা শেখ রমজানের চারচাকা গাড়িটি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দেয়। শেখ রমজানের পর ফের আর এক শাসক দলের নেতার গাড়ি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দিল। এবার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুকুমার দত্তের চার চাকা গাড়িটিকে শনিবার রাতে তাঁর বাড়ি দুর্গাপুরের এমএএমসির শরৎপল্লীতে দুষ্কৃতীরা পুড়িয়ে দেয়।

স্থানীয় মানুষের চেষ্টায় গাড়ির আগুন নেভানো হয়। গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। যদিও এবার গাড়ির মালিক তথা পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুকুমার দত্ত তাঁর গাড়ি পোড়ানোর পিছনে বিরোধী দলের দিকে আঙ্গুল তুলেছেন। শাসক দলের পর পর দুই নেতার গাড়ি পোড়ানোর খবরে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে রবিবার চাঞ্চল্য ছড়ায়। পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুকুমার দত্ত বলেন, ‘কাল রাত দেড়টা নাগাদ প্রতিবেশীরা আমাকে ঘুম থেকে তুলে জানান আমার গাড়িতে আগুন ধরে গেছে। আমার মনে হয় আমাদের দলকে হেয় করতেই বিরোধীরা এই কাজ করেছে।’

Like Us On Facebook