কোলিয়ারি এলাকায় নয় এবার দুর্গাপুরের দামোদর ব্যারেজের সংলগ্ন দুর্গাপুর নগর নিগমের ৪৩ নং ওয়ার্ডের অন্তর্গত সুকান্ত পল্লীতে হঠাৎ করে রাস্তায় ধস নামে মঙ্গলবার। ধসের কবলে পড়ে একটি বাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। হঠাৎ করে ধস নামার খবরে এলাকার প্রায় তিনশ বসবাসকারী মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে সেচ দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও ৪নং বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সুকান্ত পল্লী এলাকায় প্রায় ৩০০ মানুষের বাস। এখনই পরিস্থিতি সামাল দিতে না পারলে ভয়াবহ ঘটনা ঘটতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, দামোদর ব্যারেজের সংলগ্ন এলাকার মাটি এমনিতেই নরম। ক্যানেল পাড় এলাকায় বালির বস্তা দিয়ে প্যাকিং করা আছে। সম্ভবত কোন কারণে মাটির ধারণ ক্ষমতা কমে গিয়ে ধস নামতে পারে। সূত্রের খবর, বুধবার থেকে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের উপস্থিততে এলাকায় ধস মেরামতির কাজ শুরু হবে।









