বালি খাদান থেকে বালি আনতে গিয়ে বালি বোঝাই ট্র্যাক্টর উল্টে মৃত্যু হল চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুরের শম্ভুপুর এলাকায়। স্থানীয়রা বালি খাদানের চালাঘরে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে যায় রায়না ও জামালপুর থানার পুলিশ। মৃত ট্র্যাক্টর চালকের নাম সেখ আতিয়ার রহমান (৪৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রায়নার বিরুপুর গ্রামের আতিয়ার রহমান ট্র্যাক্টর নিয়ে শম্ভুপুর এলাকায় দামোদর নদের একটি বালি খাদানে যায়। বালি লোড করে খাদান থেকে ওঠার সময় ট্র্যাক্টরটির চাকা একটি গর্তে আটকে যায়। সেই সময় বালি লোড করার জন্য ব্যবহৃত জেসিবি মেশিন দিয়ে ট্র্যাক্টরটিকে পিছন থেকে ঠেলে তোলার চেষ্টা করা হয়। তখনই ঘটে বিপত্তি। ট্র্যাক্টরটি উল্টে গেলে চালক আতিয়ার ইঞ্জিনের নীচে চাপা পড়ে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক আতিয়ার রহমানের। খাদান ছেড়ে পালায় বালির কারবারিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আতিয়ারের পরিবার পরিজন ও গ্রামবাসীরা। তারা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় এবং বালিখাদানের চালাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ।






