সিভিক ভলান্টিয়ারদের চাকরি দেওয়া হয়নি। কেবলমাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তাদের আটকে রাখা হয়েছে। আসল প্রশিক্ষণ দিয়ে সিভিক ভলান্টিয়ারদের পুলিশে স্থায়ী চাকরি দেওয়া হোক। দুর্গাপুরে এসে রবিবার এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়।
এদিন মুকুল রায় রানিগঞ্জে এক দলীয় সভায় যোগ দিতে এসে ক্ষণিকের জন্য দুর্গাপুর গেস্ট হাউসে বিশ্রাম নিতে আসেন। রানিগঞ্জ যাওয়ার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এদিন মধ্যমগ্রামের সাম্প্রতিক সিভিক ভলান্টিয়ারের মারে এক বাইক আরোহীর মৃত্যু প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিজেপি নেতা মুকুল রায় বলেন, রাজ্য সরকারের উচিত সিভিক ভলান্টিয়ারদের সঠিক প্রশিক্ষণ দেওয়া। সিভিক ভলান্টিয়ারদের চাকরি দেওয়ার দাবি জানানোর পাশাপাশি এদিন রাজ্য সরকারের ব্যর্থতাকে তুলে ধরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে সোচ্চার হন মুকুলবাবু। এদিন মুখ্যমন্ত্রীরও তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা। মুকুল রায় কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেস যেদিন বাংলার দায়িত্ব কাঁধে তুলে নেয় সেদিন রাজ্যের ঋণের পরিমাণ ছিল এক লক্ষ তিন হাজার কোটি টাকা। আর আজ বাংলার ঋণের বোঝা হয়েছে দু’লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা।







