শুরু হল ৪র্থ বর্ষ মাঘ উৎসব। শনিবার বর্ধমান টাউন হলে এই মাঘ উৎসবের উদ্বোধন করলেন বেলুড় রামকৃষ্ণ ও সারদা মঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দ মহারাজ। হাজির ছিলেন বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. উৎপল দাঁ, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইসি সুজিত চৌধুরী, মাঘ উৎসবের সভাপতি পরেশ সরকার প্রমুখ। উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টে থেকে থাকবে নানাবিধ অনুষ্ঠান।

এবছর মাঘ উৎসবকে সাজানো হয়েছে লোকসঙ্গীত দিয়ে। এবারের উৎসবের থিমও লোকসঙ্গীত। জানা গেছে, প্রয়াত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদের স্মরণে এই উৎসবে তাঁর দোহার গোষ্ঠীকেও নিয়ে আসা হচ্ছে মঞ্চে। এছাড়াও সারেগামাপা খ্যাত পৌষালী, তুলিকা-গঙ্গাধর সহ পার্বতী বাউল, মনসুর ফকির প্রমুখ নামী দামী লোকসঙ্গীত শিল্পী এবং তাদের গোষ্ঠীরা অনুষ্ঠান পরিবেশন করবেন মাঘ উৎসবে। শুধু নামী দামী শিল্পীরাই নয়, মাঘ উৎসবের যে মূল উদ্দেশ্য স্থানীয় শিল্পীদের সুযোগ করে দেওয়া-এবারেও প্রায় ২৫০ স্থানীয় লোকশিল্পীকে সুযোগ করে দেওয়া হচ্ছে এই মঞ্চে।

মূলত এবারের উৎসবকে সাজানো হয়েছে হারিয়ে যাওয়া লোকগানকে খুঁজে পেতে। মাঘ উৎসবের যে শ্লোগান ‘শিকড়ের টানে-মাটির গানে’ সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এবারের সমগ্র উৎসবের দিনগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। এরই পাশাপাশি যেহেতু উৎসবের দিনগুলির মধ্যেই নেতাজির জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবস গুলিও রয়েছে তাই ২৩ জানুয়ারি এই উৎসব মঞ্চেই আয়োজন করা হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতা। যেখানে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। এছাড়াও দর্শকদের আনন্দ দিতে থাকছে প্রায় ৫০টি নানাবিধ স্টল। থাকছে পিঠেপুলি সহ বিভিন্ন খাবারের স্টল।


Like Us On Facebook