১০০ কোটি টাকার উপর ঋণে জর্জরিত বন্ধ বেসরকারি ভাস্কর শ্রাচী ফেরো অ্যালয় স্টিল প্ল্যান্ট খোলা ও বকেয়া বেতন মেটানোর দাবিতে দুর্গাপুরের হ্যানিম্যান সরণির ব্যস্ততম রাস্তায় কারখানার শ্রমিকরা মঙ্গলবার পথ অবরোধ করল। রাতুরিয়া-অঙ্গদপুরের এই বেসরকারি অ্যালয় স্টিল কারখানা কর্তৃপক্ষের বেহিসেবি মানসিকতায় গত আগস্ট মাসে ঋণে জর্জরিত হয়ে কারখানা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ শ্রমিকদের। শ্রমিকদের অনুমান আগস্ট মাসে ডিভিসি বকেয়া বিদ্যুৎ বিল বাবদ প্রায় ২৪ কোটি টাকা না পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একই সঙ্গে ব্যাঙ্কও প্রায় ৭৬ কোটি টাকা না পেয়ে চাপ দিতে থাকে কর্তৃপক্ষকে। শ্রমিকদের কয়েকমাসের বেতনও বকেয়া রয়েছে। সব মিলিয়ে ১০০ কোটি টাকার অধিক ঋণে জর্জরিত হয়ে ভাস্কর শ্রাচী ফেরো অ্যালয় স্টিল প্ল্যান্টটি কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। শ্রমমন্ত্রী মলয় ঘটক থেকে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছে দরবার করেও কারখানা কর্তৃপক্ষের কারখানা না খোলার অনড় মনোভাবের শিকার হচ্ছেন বলে দাবি শ্রমিকদের। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা না খোলা হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেয়।






