দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মুমূর্ষ রোগীকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্ত্বরে। জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ধনবন্তী সিং (৭৫) নামে এক মহিলা ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি স্টিল টাউনশিপের আকবর রোড়ের বাসিন্দা। অভিযোগ, আজ মঙ্গলবার তাঁর দুই ছেলে অজয় সিং ও রতন সিং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলতে হাসপাতালের দ্বিতীয় তলায় গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের প্রথমে ঢুকতে বাধা দেয়।

জানা গেছে, রোগী মুমূর্ষ বলেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর বাড়ির লোকজনদের একবারে এক জনকেই রোগীর সঙ্গে দেখা করতে বলেন। এরপরেই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ, বাউন্সার দিয়ে তাঁদের মারধর করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষীরাও রোগীর বাড়ির লোকজনদের মারধর করেন বলে অভিযোগ।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতালের প্রশাসনিক আধিকারিক প্রবীর মুখার্জি রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, ‘হাসপাতালের নিয়মে মুমূর্ষু রোগী দেখার যে নিয়ম রয়েছে রোগীর পরিবার সেই নিয়ম না মেনে জোর করে রোগীকে দেখতে চাওয়ায় আমাদের নিরাপত্তারক্ষীরা রোগীর পরিবারের লোকজনদের বাধা দেয়। এতেই উত্তেজিত হয়ে নিরাপত্তারক্ষীদের মারধর করে রোগীর পরিবারের লোকজন। এর পরে তাঁদের হাসপাতালে নীচে নামিয়ে দেওয়া হয়। এর চেয়ে বেশি কিছু হয়নি।’ জানা গেছে হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা চরমে পৌঁছলে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে অবস্থা সামাল দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

Like Us On Facebook