৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি কালা দিবস পালনের উদ্দেশ্যে প্রস্তুতি মিটিং চলাকালীন দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের ডিপিএল ডিএন টাইপ আইএনটিটিইউসি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর নেতার নার্ভের লড়াইয়ে গোটা ডিপিএল ডিএন টাইপ এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় মঙ্গলবার। দলীয় কার্যালয় ভাঙচুর সহ দুই পক্ষের চারজন আহত হয়। আহতদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও শেখ জাহির নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এলাকা থমথমে। জানা গেছে ডিপিএলের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই নেতা বিজয় শ্রীবাস্তব ও নয়ন মালাকারের মধ্যে নার্ভের লড়াইয়ে তাদের অনুগতরা সোমবার রাত থেকেই একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। মঙ্গলবার সেই ঝামেলা রণক্ষেত্রের চেহারা নেয়। ৮ নভেম্বর কালা দিবস পালনের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল ফের সামনে উঠে এল।








