অদ্ভুত দর্শন মাছ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কাঁকসার দু’নম্বর কলোনি এলাকার এক বাসিন্দা ওই এলাকার কাঁকর খাদে মাছ ধরছিলেন, হঠাৎই তাঁর জালে ধরা পড়ে অদ্ভুত একটি মাছ। এলাকার মানুষ ভিড় জমান মাছটিকে দেখতে। ওই মাছটি কি ভাবে খাদের মধ্যে তাই নিয়ে চলে জল্পনা। স্থানীয়রা জানিয়েছেন, ওই খাদের মধ্যে আরও অনেক ওই ধরণের মাছ থাকতে পারে। এখনও পর্যন্ত ওই জলাশয় থেকে বেশ কয়েকটি এই ধরণের মাছ উঠে এসেছে মাছ ধরার জালে। মাছটি সাকার মাউথ ক্যাটফিস বা অ্যাকোয়ারিয়াম ফিস বলেই মনে করা হচ্ছে।

সাকার মাউথ ক্যাটফিস বা অ্যাকোয়ারিয়াম ফিস সাধারণত অ্যাকোয়ারিয়ামের শোভা বর্ধনের পাশাপাশি মাছের বর্জ্য এবং অ্যাকোয়ারিয়ামের অন্যান্য ময়লা খেয়ে ফেলে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার রাখে। দক্ষিণ আমেরিকায় এরা সহজ লভ্য। কিছুদিন আগে বারাণসীর গঙ্গায় মিলেছিল এই মাছ। বর্তমানে এই মাছ অ্যাকোয়ারিয়ামের বাইরেও পাওয়া যাচ্ছে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে। এই মাছ খাওয়ার যোগ্য নয়। এরা আগাছা, জলজ পোকামাকড় ও বিভিন্ন ধরণের ছোট মাছ সহ অন্যান্য মাছেদের খাবার খেয়ে ফেলে এবং দ্রুত বংশবৃদ্ধি করার ফলে বিভিন্ন জলাশয়ে অন্যান্য মাছেদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।

Like Us On Facebook