স্বাধীনতার ৭০ বছরের পরেও শিল্পাঞ্চল দুর্গাপুরে এমন জায়গায় রয়েছে যেখানে এখনো পাকা রাস্তা নেই। জাতীয় সড়ক থেকে গ্রামের ভিতরে কোন গাড়ি ঢুকতে পারে না। প্রয়োজনে রোগীর জন্য কোন অ্যাম্বুলেন্সও যেতে পারে না। রোগীকে হাসপাতালে নিয়ে মেতে হলে বাঁশের মাচা অথবা স্ট্রেচারে করে বয়ে নিয়ে যেতে হয় জাতীয় সড়ক পর্যন্ত। প্রসব যন্ত্রণা উঠলে প্রসূতিকেও রাতভোর অপেক্ষা করতে হয় কখন সূর্য উঠবে। তারপর দেড় কিলোমিটার মাচায় করে নিয়ে গেলে অ্যাম্বুলেন্সে চড়ে হাসপাতাল যেতে পারবে। এমন চিত্রই ধরা পড়ল কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতে ক্যানেল পাড় কলেজ পাড়ায়।
সোমবার রাতে এক প্রসূতির প্রসব যন্ত্রণা উঠলে গ্রামের রাস্তার বেহাল দশার কারণে কোন অ্যাম্বুলেন্স গ্রামে আসতে পারে নি। বাড়িতে প্রসব হয় ওই মহিলার। এরপর মঙ্গলবার সকালে ওই মহিলাকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা স্ট্রেচারে করে বয়ে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্গাপুর মহকুমায় ২ নং জাতীয় সড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার ভিতরের একটি গ্রামে এখনও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না জেনে শিল্পাঞ্চলের অনেক মানুষই বিস্মিত। কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতে ক্যানেল পাড় কলেজ পাড়া এলাকায় প্রায় ১৩০ টি পরিবার দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন বলে জানান এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এখানে না আছে পাকা রাস্তা, না আছে বসবাসের নুন্যতম কোন সুযোগ সুবিধা। এদিনের এই ঘটনায় স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় মানুষের অভিযোগ, এই কানেল পাড়ে স্থায়ী ভাবে ৩০ বছর ধরে বসবাস করছি। এখানে বেশির ভাগ মানুষই মতুয়া সম্প্রদায়ের মানুষ। অথচ কোন সুযোগ সুবিধা আমরা পাইনা। শুধু নির্বাচন এলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন স্থানীয় নেতারা।









