দুর্গাপুরের মেনগেটে রেশনের বরাদ্দ খাদ্যশস্য খোলা বাজারের দোকানে মজুত করার অভিযোগে ধৃত তিন ব্যাক্তিকে রবিবার দুর্গাপুর আদালতে হাজির করা হয়। তিন ব্যক্তির নাম বেনীমাধব চ্যাটার্জী, নির্মল বল ও ভূবন গড়াই। পুলিশ রবিবার এই তিন জনকে আদালতে হাজির করলে আদালত এই তিন জনকে ৬ মে পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় বলে জানা গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
উল্লেখ্য, শনিবার মেনগেট এলাকার একটি চাল গমের গুদামে রেশনের খাদ্যশস্য মজুত হচ্ছে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে কেঁচো খুঁড়তে কেউটে বের হয়। দোকানদার চাপে পড়ে জানান, রেশনের খাদ্যশস্য তাঁর দোকানে মজুত হচ্ছে। এরপর স্থানীয় মানুষ দোকানদারকে গ্রেফতারের দাবিতে সরব হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দোকানদার, রেশন ডিলার ও গাড়ির চালককে গ্রেফতার করে। রেশন সামগ্রী বোঝাই গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করে।






