বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য সর্বক্ষণ সাহায্যের হাত বাড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ‘প্রণাম’ প্রকল্পের সূচনা করল দুর্গাপুরে। এই প্রকল্পের হেল্পলাইন নম্বরে ফোন করলে দুর্গাপুরের বয়স্করা সব ধরণের পুলিশি সাহায্য পাবেন বলে জানা গেছে। প্রতারণা ও জমি মাফিয়াদের হাত থেকে বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িঘর রক্ষা করা ও দোকান থেকে ওষুধ এনে দেওয়া থেকে ইলেকট্রিক বিল জমা এমনকি বাড়িতে দুধের মত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া সহ সমস্ত ধরণের প্রয়োজনীয় কাজ ও বিপদ-আপদে বয়স্কদের সাহায্য করবে এই প্রণাম হেল্পলাইন।
বুধবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে পথ নিরাপত্তায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করতে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী শুভশ্রীর উপস্থিতিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার লক্ষী নারায়ণ মীনা, এডিসিপি পূর্ব অভিষেক মোদী, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, চেয়ারম্যান মৃগেন পাল, দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা, এডিডিএর সিইও এস অরুণ প্রসাদ, দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ ও কাউন্সিলরগণ, বণিক সভার সভাপতি কবি দত্ত সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে প্রণাম প্রকল্প পথ চলা শুরু করল।
বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি থেকে অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনদের ছেলে-মেয়েরা কর্ম সূত্রে প্রবাসী হওয়ায় বৃদ্ধ-বৃদ্ধারা কার্যত শেষ জীবনে নিঃসঙ্গ হয়ে পড়েন। তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করতে সে রকম ভাবে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। দৈনন্দিন জিনিসপত্র বাড়িতে আনা থেকে ঔষধ, হাসপাতাল বা প্রয়োজনীয় বিদ্যুৎ বিলের টাকা জমা দিতে বয়সের ভার উপেক্ষা করেই অনেক বৃদ্ধ-বৃদ্ধাকে রাস্তায় বের হতে হয়। ফলে প্রবীণরা রাস্তায় বেরিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন। আবার ছেলে-মেয়েরা প্রবাসী হওয়ায় অনেক ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে দুরত্ব বাড়ায় প্রবীণদের বাড়িতে একাই থাকতে হয়। ফলে দুষ্কৃতীরা এইসব প্রবীণদের বিভিন্নভাবে টার্গেট করে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠনের মিলিত প্রচেষ্টায় গঠিত প্রণাম হেল্পলাইনে ফোন করলেই এবার থেকে দুর্গাপুরের নিঃসঙ্গ প্রবীণদের সবরকম প্রতিকুলতার সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই মানবিক উদ্যোগকে দুর্গাপুরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
প্রণাম হেল্পলাইন নম্বর: ০৩৪৩-২৬০৬৬৬৭, ৯০৮৩২৬৮৯৩১
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে এদিন নেহেরু স্টেডিয়ামে প্রণামের দুটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়। একটি মোবাইল নম্বর অন্যটি ল্যান্ড লাইন নম্বর। জানা গেছে, দুর্গাপুর মহিলা থানার এই দুটি নম্বর আপাতত প্রণামের হেল্পলাইন নম্বর হিসাবে ব্যবহার করা হবে। বর্তমানে যে দুটি নম্বর বুধবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রণামের হেল্পলাইন নম্বর হিসাবে প্রকাশ করা হয়েছে সেগুলি হল একটি ল্যান্ড লাইন নম্বর ০৩৪৩-২৬০৬৬৭ ও অন্যটি মোবাইল নম্বর ৯০৮৩২৬৮৯৩১। এর মধ্যে ল্যান্ড নম্বরটির এক ডিজিট কম ছাপা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সংশোধিত ল্যান্ড লাইন নম্বরটি হবে ০৩৪৩-২৬০৬৬৬৭। এই দুটি হেল্পলাইন নম্বরে দুর্গাপুরের প্রবীণরা যেকোন সাহায্যের জন্য ফোন করলেই এবার থেকে প্রণাম তাঁদের পাশে থাকবে।






