পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাস সংগঠনগুলির ভাড়া বৃদ্ধির দাবিতে এক টাকা প্রতি স্তরে বাস ভাড়া বৃদ্ধি করার কথা ঘোষণা করে রাজ্য পরিবহণ দপ্তর। বর্ধিত বাস ভাড়া সোমবার থেকে লাগু হওয়ার কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় পরিবহণ দপ্তর। বিভিন্ন জায়গায় সোমবার থেকে নয়া বাস ভাড়া লাগু হলেও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বর্ধিত ভাড়া সোমবার থেকে দুর্গাপুরে লাগু হচ্ছে না বলে জানা গেছে।
দুর্গাপুরে বর্ধিত মিনিবাস ভাড়া সম্ভবত বৃহস্পতিবার থেকে লাগু হতে চলেছে বলে জানান দুর্গাপুর মহকুমা মিনিবাস সংগঠনের সাধারণ সম্পাদক অলোক চট্টোপাধ্যায়। অলোক বাবু বলেন, ক্রমাগত পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি হওয়ায় এবং বাস ভাড়া বৃদ্ধি না হওয়ায় রাজ্যের মিনিবাস গুলির লোকসানের বহর বাড়তে বাড়তে এই মুহূর্তে মিনিবাস শিল্প রুগ্নশিল্পে পরিনত হয়েছে। অনেক মিনি বাস বন্ধ হয়ে গেছে। অলোকবাবু বলেন, লোকসানের বোঝা মাথায় করে যাত্রী পরিষেবা অটুট রাখতে মিনিবাস চালানো দায় হয়ে পড়েছে। আমাদের দাবি সম্পূর্ণ না মানলেও মাননীয়া মুখ্যমন্ত্রী কিছুটা শুনেছেন। আমাদের অসুবিধা উপলব্ধি করে একটাকা ভাড়া বৃদ্ধি করেছেন এতেই আমার খুশি। অলোকবাবু বলেন, ভাড়ার চার্টে আরটিও সোমবার সই করবেন। তারপর সেই ভাড়ার চার্ট মিনিবাসের কর্মীদের যেমন বোঝানো হবে তেমনই যাত্রীদের সঙ্গে অশান্তি এড়াতে যাত্রীদেরও আমরা ভাড়া বৃদ্ধির কারণ বোঝাতে চাই। অলোকবাবুর আশা বৃহস্পতিবার থেকে দুর্গাপুরে মিনিবাসের কন্ডাক্টররা বর্ধিত মিনিবাস ভাড়া সংগ্রহ করতে পারবেন।






