বিষ্ণুর স্কুটি। বিজয় শ্রীবাস্তব (ফাইল চিত্র)।

দুর্গাপুর নগর নিগমের পার্কিং জোনের ঠিকাদার বিষ্ণু থাপা খুনের সঙ্গে জড়িত সন্দেহে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা বিজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তিকে ঝাড়খণ্ডের দুমকা থেকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসে। অভিযোগ, বিজয় শ্রীবাস্তব ডিপিএল এলাকার তৃণমূল কংগ্রেস নেতা। এদিকে কাঁকসার মলানদিঘির জঙ্গল থেকে মৃত বিষ্ণু থাপার স্কুটিটিও পুলিশ আজ উদ্ধার করেছে। তবে খুনের মূল অভিযুক্ত দীপক সাউকে এখনও পুলিশ ধরতে পারেনি।

সোমবার রাতে মৃত বিষ্ণুর পরিবার পরিজনরা কোকওভেন থানায় রাতভর বিষ্ণুর মৃতদেহ নিয়ে বিষ্ণু খুনের মুল অভিযুক্ত দীপক সাউ সহ যেসব ব্যক্তি যুক্ত তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়। পুলিশ ও স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পারিয়াল অভিযুক্তদের ধরার আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে। পুলিশ এরপর তৎপরতা শুরু করে এবং পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ঝাড়খণ্ডের দুমকা থেকে ভোর রাতে এই ঘটনায় যুক্ত থাকার আভিযোগে বিজয় শ্রীবাস্তবকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসে।

জানা গেছে, এই বিজয় শ্রীবাস্তব লোহার ছাঁট ব্যবসায়ী। বিভিন্ন কলকারখানার লোহার ছাঁট সংগ্রহ করতে বিভিন্ন কুখ্যাত অপরাধীদের নিয়ে শিল্পাঞ্চল জুড়ে সাম্রাজ্য চালায়। দীপকের মত তোলাবাজ খুনি অপরাধীও বিজয় শ্রীবাস্তবের ছত্রছায়ায় রয়েছে বলে সূত্রের খবর। পুলিশ বিজয় শ্রীবাস্তবের নামে অভিযোগ পেয়েই দুমকা গিয়ে বিজয় শ্রীবাস্তবকে গ্রেফতার করে। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন, বিজয় শ্রীবাস্তবকে ঝাড়খণ্ডের দুমকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার তাকে দূর্গাপুর আদালতে তোলা হবে।

উল্লেখ্য, সোমবার সকালে প্রকাশ্য দিবালোকে দুর্গাপুরে গ্যমন ব্রিজের কাছে পেট্রোল পাম্প সংলগ্ন একটি পাকিং জোনের ঠিকাদারদের কাছে ত্রিশ হাজার টাকা তোলা চায়। ঠিকাদাররা তোলা দিতে রাজি না হওয়ায় কুখ্যাত অপরাধী তোলাবাজ দীপক সাউ ঠিকাদারদের মধ্যে একজন বিষ্ণুকে গুলি করে হত্যা করে। স্থানীয় এক ব্যক্তি আহত হয় এই ঘটনায়। এর পর দীপক বিষ্ণুর স্কুটিটি নিয়ে পালিয়ে যায়।

বিষ্ণু খুনে তৃণমূল কংগ্রেস নেতার নাম জড়িয়ে যাওয়ায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন বলেন, বিজয় শ্রীবাস্তব তৃণমূল কংগ্রেসের সদস্য নয়। তাই এই খুনে দলের নাম জড়ানোর প্রশ্ন নেই। পুলিশ পুলিশের কাজ করছে বলে জানান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি।

Like Us On Facebook