দুর্গাপুর স্টিল টাউনশিপের এলআইসি অফিস সংলগ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটালের এক কর্মী লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেওয়ায় দুর্গাপুর স্টিল টাউনশিপ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটাল বা ধাতু ভবনের দীর্ঘদিনের কেয়ারটেকার ওই কর্মী ধাতু ভবনের একটি হলঘর যেটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হত সেই ভাড়ার টাকা সহ বিভিন্ন লোকের পাওনার গচ্ছিত টাকা নিয়ে হঠাৎ চম্পট দেয়। ধাতু ভবন কর্তৃপক্ষ ওই কর্মীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে সূত্রের খবর। পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। সারা দেশে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটালের কার্যালয় রয়েছে। দুর্গাপুরের এই কার্যালয়ের একটি হলঘর ধাতু ভবন কর্তৃপক্ষ বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেয়। স্বাভাবিকভাবেই দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দাদের কাছে অন‍্যান‍্য ভবনের মতো এই ধাতু ভবনেরও বেশ চাহিদা রয়েছে। যে সব মানুষ অনুষ্ঠানের জন্য ওই কর্মীকে অগ্রিম নগদ টাকা দিয়ে ধাতু ভবন বুকিং করেছেন তাঁরা অনেকেই ওই কর্মীর অন্তর্ধানে বেশ দুশ্চিন্তায় পড়েছেন।

Like Us On Facebook