দুর্গাপুরে কোভিড-জয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ শুরু করল দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরাম। রবিবার মহরমের দিন দুর্গাপুরের সিটি সেন্টারে একটি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সেখানেই প্লাজমা সংগ্রহ করা হয়। জানা গেছে, এদিন দুর্গাপুরের কোভিড জয়ী কিংশুক গুপ্ত প্লাজমা দান করেন। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী। তবে তাঁর স্ত্রী সহ আরও কয়েকজন কোভিড জয়ী প্লাজমা দিতে চাইলেও সরকারের প্রটোকল অনুযায়ী তাঁদের প্লাজমা নেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্মীরা এদিন প্লাজমা সংগ্রহ করেন। দিল্লির পর কলকাতায় কোভিড আক্রান্তদের চিকিৎসায় প্লাজমার প্রয়োগ হচ্ছে। এবার জেলাতেও প্লাজমা সংগ্রহ করে পরবর্তী সময়ে তা কোভিড আক্রান্তদের প্রয়োগ হতে পারে সেই লক্ষ্যে কোভিড জয়ীদের শরীর থেকে প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে। প্লাজমা দান করে কোভিড জয়ী দুর্গাপুরের বাসিন্দ কিংশুক গুপ্ত বলেন, ‘মানুষের কল্যানে প্লাজমা দান করে খুব তৃপ্ত লাগছে নিজেকে। এই রকম সুযোগ বার বার আসে না।’

Like Us On Facebook