বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রবিবার দুর্গাপুরের কংগ্রেস কর্মীরা সরব হলেন। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বর্ষার জলে রাস্তা ভেঙেচুরে বেহাল অবস্থায় রয়েছে, অথচ দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে রাস্তা সারাইয়ের কোন উদ্যোগ নেই – এই অভিযোগে রবিবার রাস্তার খন্দে লাঙল চালিয়ে ধানের বীজ রোপণ করে স্টিল টাউনশিপের এসএন ব্যানার্জী রোড সারাইয়ের দাবিতে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান।

কংগ্রেস কর্মীদের অভিযোগ, এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, সারাইয়ের জন্য এগিয়ে আসেনি দুর্গাপুর পুরসভা বা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। এই রাস্তা সংস্কারের দাবিতে রবিবার কংগ্রেস কর্মী সমর্থকরা আমড়াই মোড় থেকে এক মিছিল করে এবং রাস্তায় লাঙল দিয়ে চারা রোপণ করে তুমুল বিক্ষোভ দেখান। কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানান, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে অথচ হুঁশ নেই কারোর। প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে ভারী গাড়ি যাতায়াত করছে। বর্ষার জল জমে চলার অযোগ্য হয়ে গেছে রাস্তাটি। দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় মানুষকে। অবিলম্বে রাস্তা সারাই না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো।

Like Us On Facebook