করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সমাজের সর্বস্তরের মানুষই সাধ্যমত আর্থিক সাহায্য করছেন। স্কুল পড়ুয়া থেকে ধনী ব্যবসায়ী সকলেই সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার দুর্গাপুরের এইমস ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া উত্তরণ ব্যানার্জি তার জমানো ৫৯৪ টাকা মুখ্যমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা ফান্ডে জমা দিল। উত্তরণ থাকে দুর্গাপুরের বিদ্যাসাগর আবাসনে।
সোমবার সকালে ছোট্ট উত্তরণ তার বাবার সঙ্গে এসে তার জমানো টাকা দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরীর হাতে তুলে দেয়। ছোট্ট উত্তরণের মানসিকতা দেখে অবাক হয়ে যান অঙ্কিতাদেবী। তিনি ছোট্ট উত্তরণকে বলেন, ‘ভালো করে পড়াশোনা শিখে তুমি সমাজের একজন প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা কর। পাশাপাশি ভবিষ্যতেও মানুষের পাশে থাকার জন্য তাকে উৎসাহিত করেন অঙ্কিতাদেবী।






