.
করোনার জেরে নিজেদের অভুক্ত বলে দাবি করে খাবার চাই শ্লোগান তুলে কাঁকসার শিবপুরে পথ অবরোধ বাস কর্মীদের। করোনা মোকাবিলায় লকডাউনে মাস খানেক ধরে বাস পরিষেবা বন্ধ। রুজিরোজগারে টান ধরেছে বাস কর্মীদের। চরম আর্থিক অনটনে পড়ে সংসার অচল হয়ে পড়েছে বলে দাবি বাস কর্মীদের। বাসের মালিকরাও খোঁজখবর নিচ্ছে না এবং রাজ্য সরকারও বাস কর্মীদের ভবিষ্যত নিয়ে বেশ উদাসীন বলে অভিযোগ করেছেন বাস কর্মীরা। কোন পক্ষ না দেখায় বাস কর্মীদের পরিবারের সদস্যরা অভুক্ত রয়েছে বলে দাবি। লক ডাউনে চরম দুর্ভোগে পড়েছেন বাস কর্মীরা বলে অভিযোগ। অভুক্ত বাস কর্মীরা রবিবার খাবার চাই খাবার চাই শ্লোগান তুলে কাঁকসার শিবপুর রোড অবরোধ করেন। বেশকিছুক্ষণ অবরোধ চলার পর কাঁকসা থানার পুলিশ অবরোধকারীদের দাবি সমূহ উপযুক্ত জায়গায় পাঠানোর আশ্বাস দিলে বাস কর্মীরা অবরোধ তুলে নেন। বাস কর্মী দীপক ঘোষ বলেন, ‘লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ বাস। আমাদের হাতে এখন কোন টাকা নেই। বাস মালিকরা অল্প কিছু টাকা দিলেও বাস বন্ধ থাকার কারণে তাঁরা আর আমাদের সাহায্য করতে পারবেন না বলে জানিয়েছেন। এই অবস্থায় আমরা চাই সরকার থেকে আমাদের সাহায্য করা হোক, না হলে আমাদের অনাহারে মরতে হবে।’






