প্রণয়ের সম্পর্ক ছিল এক কিশোরীর সঙ্গে, বাবা-মায়ের আপত্তি ছিল – এই কারণেই বাবা-মা বকাবকি করেছিলেন ছেলেকে, আর তার জেরেই আত্মঘাতী হল এক ১৬ বছরের কিশোর। দুর্গাপুরের কালীগঞ্জ গ্রামের এই ঘটনায় এখন শোকের ছায়া এলাকায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, বিধাননগর ফাঁড়ির অন্তর্গত রাঙামাটি গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল শুভম রায়ের। বাবা রাজমিস্ত্রির কাজ করে কোনোরকমে সংসার চালান, আর মা তার জন্যই বাবার কষ্টের কথা বলে ছেলেকে বকাবকি করেছিল শনিবার। আর সেই অভিমানে ছেলে ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অনেক ডাকাডাকি করার পরও কোন সাড়া না পেয়ে পরিবার পুলিশকে খবর দেয়, এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে শুভমের নিথর দেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। সপ্তাহখানেক আগে দুর্গাপুরের বেনাচিতিতে পরীক্ষার সময় অনলাইনে গেম খেলতে বাবা-মা বারণ করায় আত্মঘাতী হয়েছিল রাশ রাউত নাম বছর ষোলোর এক কিশোর। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অভিমানে আত্মঘাতী দুর্গাপুরের আরও এক কিশোর।






