দুর্গাপুরে ৩৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও তাঁর অনুগামী বাপ্পা গড়াইকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত ৩৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলো সাঁতরার স্বামী পার্থ চৌধুরী ও আলো সাঁতরার ভাই চন্দন সামন্ত সহ মোট পাঁচ জনকে কোকওভেন থানার পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার করে দুর্গাপুর আদালতে ধৃতদের হাজির করল।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন বলেন, যে ভাবে প্রাক্তন কাউন্সিলর সহ দলের অন্য কর্মীদের মারধর করেছে ৩৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের স্বামী ও ভাই তা দল কোন ভাবেই সমর্থন করে না। বর্তমান কাউন্সিলরের ভাইয়ের এলাকায় দুর্নাম রয়েছে। দল কড়া হাতে এর ব্যবস্থা নেবে বলে জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ৩৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার অরবিন্দ নন্দী ও তার অনুগামী ৩৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলো সাঁতরার স্বামী ও ভাই সহ বেশ কয়েকজনের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। অরবিন্দবাবু পুলিশ ও দলীয় নেতাদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ গেলে পুলিশকেও বর্তমান কাউন্সিলরের স্বামী ও ভাই সহ তাদের অনুগামীরা হেনস্থা করে বলে অভিযোগ। এর পরেই অভিযোগের ভিত্তিতে কোকওভেন থানার পুলিশ তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া মনোভাব নেয়।








