করোনা সংক্রমণ এড়াতে লকডাউন চলাকালীন এতদিন বেশিরভাগই চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারগুলি বন্ধ ছিল। নিয়ম শিথিল হতে ধীরে ধীরে খুলতে শুরু করেছে চিকিৎসকদের চেম্বারগুলি। চিকিৎসকরা বসছেন তাঁদের নিজস্ব চেম্বারে। তবে বেশ কিছু চিকিৎসকের চেম্বারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় মানুষের।

বুধবার উখরা স্কুল মোড়ে এক চিকিৎসকের চেম্বারে গিয়ে দেখা গেল বহু রোগী বসে রয়েছেন চেম্বারে। সকাল থেকেই সেখানে রয়েছে রোগী ও রোগীর আত্মীয়দের ভিড়। অভিযোগ, সেখানে সামাজিক দূরত্ব বিধি যেমন ছিল না তেমনই অনেকের মুখেই ছিল না মাস্ক। যা দেখে সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা উখরা পুলিশ আউটপোস্টে খবর দিলে সেখানে পুলিশ আসে। পুলিশ ভিড় সরিয়ে দেয়। সেইসঙ্গে চেম্বারের মালিককে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন পুলিশ আধিকারিকরা। চেম্বারের মালিক সুবীর চট্টরাজ বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চেম্বার খোলা হয়েছে। অনেক রোগী বা রোগীর পরিজন স্বাস্থ্য বিধি মানছেন না।’ তবে পুলিশের কাছে তিনি চেম্বারে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে।

Like Us On Facebook