ঘুমন্ত অবস্থায় এক সেলুন মালিকের মাথা ফাটিয়ে দিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিল অজ্ঞাত পরিচয় ব্যক্তি। রবিবার মধ্যরাতে এই ঘটনায় দুর্গাপুরের স্টিল টাউনশিপের শরৎ চন্দ্র অ্যাভিনিউতে সোমবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আশেপাশের দোকানের সিসি ক্যামেরার সূত্র ধরে ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে। আহত সেলুন মালিকের নাম কর্পূরী ঠাকুর।
জানা গেছে, গরমের জন্য সেলুন মালিক সেলুনের সামনে মশারি টাঙিয়ে ঘুমোচ্ছিলেন। মধ্যে রাতে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে ইট ছুড়ে আঘাত করে সেলুন মালিক কর্পূরী ঠাকুরের মাথায় বলে অভিযোগ। এরপরই সেলুন মালিকের মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। বেশকিছুক্ষণ সেলুন মালিক অচেতন হয়ে পড়ে ছিলেন বলে জানা গেছে। জ্ঞান ফিরলে বিষয়টি তিনি আশেপাশের লোকজনদের বলেন। এরপর তাঁকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মাথায় দশটি সেলাই পড়ে। করোনা আবহে লকডাউনের মধ্যে সকলেই মহামারি নিয়ে আতঙ্কিত। এর মধ্যে ফের এই অপ্রত্যাশিত খবরে সোমবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।






