দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার আরআইসি প্লটে পায়োনিয়ার ইমপেক্স নামের কারখানায় আগুন লাগলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের দু’টি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, দুর্গাপুরের আরআইসি প্লটে পায়োনিয়ার ইমপেক্স কারখানায় লৌহ-ইস্পাত সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য মেটালার্জিক্যাল প্রোডাক্ট তৈরি করা হত। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কারখানার গোডাউনে রাখা প্রচুর খালি বস্তায় আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনে কারখানার গোডাউনের ছাউনিও পুড়ে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। কারখানার ম্যানেজার অভিজিৎ ভাদুড়ি বলেন, ‘আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ দমকলের আধিকারিক শান্তি রায় বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসি। আগুন ঘন্টা খানেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে।’








