দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের আমরাই গ্রামে কর্মরত এক ঠিকাকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আমরাই গ্রামে পুরসভার উদ্যোগে এলাকার বাতিস্তম্ভে পুরানো সোডিয়াম ভেপার ল্যাম্প খুলে এলইডি ল্যাম্প লাগানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠিকাদার বিপ্লব সেনের দায়িত্বে এলাকায় কাজ চলাকালীন রঞ্জন বাউরি(২১) নামে আকন্দরা গ্রামের এক যুবক একটি ট্রান্সফরমারে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় মানুষের সহযোগিতায় গুরুতর আহত রঞ্জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ববিতা মুখার্জী। ঠিকাদারের সুপার ভাইজার আমিরুল মল্লিক বলেন, ‘দুটো ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর রঞ্জন বাউরি একটি ট্রান্সফরমারে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে। আমরা তখন জানতে পারি একটি ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও অন্যটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি। রঞ্জন বাউরি না জেনে ওই ট্রান্সফরমারে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook