দুর্গাপুরে রাতের অন্ধকারে পরপর দুটি গাড়িতে আগুন লাগার ঘটনায় ফের এলাকায় চাঞ্চল্য ছড়ালো। গত কয়েক মাস ধরেই রাতের অন্ধকারে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। রবিবার রাতে ফের দুর্গাপুরের স্টিল টাউনশিপের আকবর রোড ও হর্ষবর্ধন রোডে পর পর দুই বাড়িতে রাতের অন্ধকারে একটি দুচাকা ও একটি চারচাকা গাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মধ্য রাতে স্টিল টাউনশিপের আকবর রোড একটি বাড়ির সামনে রাখা দামী বাইকে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়ে বাড়ির সামনে তালা দেওয়া অবস্থায় রাখা দুটি সাইকেল নিয়ে চম্পট দেয়। বাইকটি ভষ্মীভূত হয়ে যায়। জানা গেছে, ওই বাড়িতে কয়েদিন আগে একটি শিশু অসুস্থতার কারণে মারা যাওয়ায় বাড়িতে শোকের পরিবেশ চলছে। তাছাড়া কয়েকদিন আগে ওই বাড়িতে পোষা বেশ কিছু রকমারি বিদেশি পাখিও চুরি যায়। অন্যদিকে পাশেই হর্ষবর্ধন রোডের একটি বাড়িতে একই রাতে একটি বাড়িতে একটি চারচাকা গাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে ভষ্মীভূত না হলেও গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় মানুষ শহরে এই ভাবে বাড়ির সামনে রাখা গাড়িতে বার বার আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন বলে অভিযোগ তুলে দুষ্কৃতীদের ধরে শাস্তি দেওয়ার দাবি জানান। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।







