দুর্গাপুরের অমরাবতীতে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় শুক্রবার রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ হল। ব্যাঙ্কের ভিতর অ্যালার্ম বেজে উঠায় ডাকাতদল ঘাবড়ে গিয়ে পালিয়ে যায়, সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গেছে।
শনিবার সকালে ব্যাঙ্ক কর্মীরা ব্যাঙ্ক খুলতে গিয়ে দেখেন ব্যাঙ্কের মূল ফটকের তালা ভাঙা। তারপর দেখেন ব্যাঙ্কের ভল্টের তালা ভাঙার চেষ্টা হয়েছে। ব্যাঙ্ক কর্মীরা ব্যাঙ্কের ভিতরের সিসি ক্যামেরার ছবিতে দেখেন তিনজন দুষ্কৃতী ভল্টের তালা ভাঙার সময় এলার্ম বেজে ওঠায় ঘাবড়ে গিয়ে ব্যাঙ্ক ছেড়ে চম্পট দিচ্ছে। ব্যাঙ্কের পক্ষ থেকে ঘটনার ব্যাপারে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় তদন্তে নেমেছে বলে জানা গেছে। ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার দীপ্তি দত্ত জানান, ব্যাঙ্কের মেন গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ব্যাঙ্কের ভল্টের তালা ভাঙার সময় অ্যালার্ম বেজে উঠলে দুষ্কৃতীরা ঘাবড়ে গিয়ে পালিয়ে যায়। ব্যাঙ্কের কোন কিছু খোয়া যায়নি বলে দীপ্তি দত্ত জানান।







