মাত্র আড়াই ঘন্টার মহিলাদের রাস্তা অবরোধেই দুর্গাপুরের সগড়ভাঙার দেশবন্ধু নগরের বেহাল রাস্তা সারাইয়ের দায়িত্ব নিল স্থানীয় দুটি কারখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সগড়ভাঙার দেশবন্ধু নগরের রাস্তা দিয়ে দুটি বেসরকারি কারখানার পণ্য বোঝাই ট্রাক যাতায়াতের ফলে রাস্তা ভেঙে বেহাল দশা হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তার উপর টানা বৃষ্টিতে রাস্তা কাদায় প্যাচপ্যাচে অবস্থা। স্থানীয় মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দুর্ঘটনা ঘটছে প্রায়ই। কিন্তু স্থানীয় কাউন্সিলর বা প্রশাসন সব দেখেও চুপ রয়েছে বলে অভিযোগ করেন এলাকার মানুষজন।
৭ আগস্ট বাম সংগঠনের কর্মীরা রাস্তা সারাইয়ের দাবিতে দেশবন্ধু নগরে পথ অবরোধ করেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শুক্রবার স্থানীয় মহিলারা একজোট হয়ে ফের রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় কাউন্সিলর সুনীল চ্যাটার্জীও রাস্তা অবরোধকারীদের বোঝাতে গেলে সুনীলবাবুকে ঘিরে ধরে অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখান। পরে পুলিশ অবরোধ তুলতে অভিযুক্ত দুটি কারখানা কর্তৃপক্ষকে ডেকে স্থায়ী ভাবে সমস্যা সমাধানের পথ খোঁজেন। দুটি কারখানার কর্তৃপক্ষ স্থানীয় মানুষের দাবি মেনে রাস্তা সাত দিনের মধ্যে সারাইয়ের প্রতিশ্রুতি দেয়।








