রানীগঞ্জে বোমায় আহত পুলিশ কর্তা অরিন্দম দত্ত চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য তামিলনাড়ুর কোয়েম্বাটুরের হাসপাতালে নিয়ে যাওয়া হল। অরিন্দম দত্ত চৌধুরী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর)। রানীগঞ্জের ঘটনায় বোমার আঘাতে তাঁর ডান হাত গুরুতর জখম হয়। দুর্গাপুর মিশন হাসপাতালে তাঁর হাতে সফল অস্ত্রোপচার হলেও তাঁর দ্রুত সুস্থতার জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন।
বুধবার রাজ্য সরকারের দুই সদস্যের মেডিকেল টিম অরিন্দমবাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে যান। এরপরেই বৃহস্পতিবার ভোর রাতে অরিন্দমবাবুকে কোয়েম্বাটুরের গঙ্গা মেডিকেল সেন্টার ও হাসপাতালে হাতের উন্নততর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির ক্ষেত্রে কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালের যথেষ্ট সুনাম রয়েছে।
উল্লেখ্য, সোমবার রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হলে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অরিন্দম দত্ত চৌধুরী। বোমার আঘাতে তিনি হাতে গুরুতর চোট পান। এরপর তাঁকে মিশন হাসপাতালে ভর্তি করা হয়।







