বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অপরাধে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ মাঝবয়সি এক ব‍্যাক্তিকে সোমবার রাতে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের দুর্গাপুর কেমিক্যালস কলোনি এলাকায়। অভিযুক্তের বাড়ি দুর্গাপুরের ৩৯ নং ওয়ার্ডের আশীষ নগরে। অভিযুক্তের নাম অজিত হালদার। পেশায় দিন মজুর।

জানা গেছে, নির্যাতিতার বাবার কাছে গাছ কাটার কাজ করে একশো টাকা বকেয়া আনতে গিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত অজিত হালদার নাবালিকার সঙ্গে দুষ্কর্ম করার চেষ্টা করে। বাবা-মা বাড়িতে ফিরে এলে নাবালিকা মাকে সব জানায়। খবর চাউর হলে পাড়া-প্রতিবেশীরা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হাতে তুলে দেয় এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। কোকওভেন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করলে বিচারক অভিযুক্তের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বুধবার আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হবে। এদিকে, মঙ্গলবার অভিযুক্ত অজিত হালদারকে দুর্গাপুর আদালতে হাজির করার সময় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অজিত হালদার।

Like Us On Facebook