ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ ও আহত ১। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মুচিপাড়া-শিবপুর রোডের মলানদিঘীতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থনীয়দের সহায়তায় পুলিশ গুরুতর আহত বাইক চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বাইকের অপর আরোহীর অল্পবিস্তর চোট লাগে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মুচিপাড়া থেকে মলানদিঘীগামী একটি বাইকে দুই আরোহী দ্রুত গতিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা মুচিপাড়াগামী একটি ট্রাক্টর সরাসরি বাইকে ধাক্কা মারলে দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে। বাইকের পিছনে বসা ব্যক্তি বরাত জোরে অল্প চোট পেলেও বাইক চালকের পায়ের উপর দিয়ে ট্রাক্টরটি চলে গিয়ে রাস্তার ধারে মাঠে উল্টে যাওয়ায় বাইক চালক দশরথ রুইদাস গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দশরথ রুইদাসকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কিছুক্ষণের মধ্যেই দশরথ রুইদাস মারা যায় বলে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস জানান। জানা গেছে, দশরথ রুইদাসের বাড়ি কাঁকসার লোহাগুড়িতে। এই খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে লোহাগুড়ি গ্রামে। ট্রাক্টর ও চালককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।








