দুর্গাপুরে ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর জখম হলেন। ঘটনাটি ঘটেছে সগড়ভাঙ্গার বনফুল সরণীতে। ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি ডাম্পার ভাঙচুর করে। কোকওভেন থানার পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় চৈতন্য রায় নামে এক ব্যক্তি কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। সগড়ভাঙ্গার বনফুল সরণীতে তাঁকে একটি ডাম্পার ধাক্কা মারে এবং ঘটনায় চৈতন্যবাবু গুরুতর জখম হন। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। গুরুতর জখম চৈতন্যবাবুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে কয়েকটি ডাম্পার ভাঙচুর করে। বেহাল রাস্তার অভিযোগে মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

Like Us On Facebook