গোপন সুত্রে খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বৃহস্পতিবার রাতে বিধাননগরের অভিজাত এলাকার একটি বাড়িতে বসা মধুচক্রের আসর থেকে ৪ মহিলাকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর আদালতে হাজির করে। পুলিশ সুত্রে জানা গেছে, বিধান নগরের একটি বাড়িতে পুলিশ মধু চক্রের আসরে হানা দিলে বৃহস্পতিবার রাতে ২ জন মহিলা সহ বেশ কয়েক জন যুবক পালিয়ে গেলেও ৪ জন মহিলা পালাতে না পারলে পুলিশ ওই ৪ মহিলাকে আটক করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বেশকিছু দিন ধরে ওই বাড়িতে মধুচক্রের আসর বসছে। বাড়ির মালিক একজনকে বাড়িটি ভাড়া দিয়েছেন। বাড়ির মালিক দুর্গাপুর স্টিল টাউনশিপে বসবাস করেন। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ভাড়াটিয়া মধুচক্রের আসর বসাত। পুলিশ মধুচক্রের আসরে হানা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা খুশির কথা জানায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানান, বিধান নগরের বিভিন্ন এলাকায় এখনও অবাধে দেহব্যবসা চলছে। পুলিশি অভিযান আরও জোরদার করলে জালে রাঘব বোয়াল ধরা পড়বে।






