মাথায় আঘাত পেয়ে ব্রেনে রক্ত জমেছে ৬ বছরের শিউলির। বাবা-মাকে ছাড়া আশপাশের লোকজনকে ভালো চিনতে পারে না। কথাও বলতে পারে না ঠিকমত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বৃদ্ধিও হচ্ছে না স্বাভাবিক নিয়মে। এই অবস্থায় মেয়ের ব্যায়বহুল চিকিৎসা করাতে অপারগ বাবা-মা। মেয়েকে সুস্থ করে তুলতে সকলের সাহায্যপ্রার্থী বাবা সুদীপ পাত্র ও মা লক্ষী পাত্র।
পেশায় রিক্সা চালক আসানসোলের সুদীপ পাত্র জানান, বছর চারেক আগে মেয়ে শিউলি মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে যেতে থাকে। হাসপাতালে চিকিৎসা শুরু হয়। সিটি স্ক্যান ও এমআরআই করে জানা যায় মাথায় আঘাত পেয়ে ব্রেনে রক্ত জমেছে শিউলির। মেয়েকে সুস্থ করে তুলতে আয়ের বেশির ভাগটাই খরচ করে চলতে থাকে চিকিৎসা। কিন্তু যথেষ্ট অর্থের যোগান না থাকায় মেয়ের প্রয়োজন মত চিকিৎসা করাতে পারছেন না পাত্র দম্পতি। নেতা-মন্ত্রী-বিধায়কের দ্বারস্থ হলে সকলেই পিজিতে ভর্তির জন্য চিঠি লিখে দিয়েছেন। সুদীপবাবুর অভিযোগ, পিজিতে গেলে বেড না থাকার অজুহাতে ভর্তি করা হয়নি শিউলিকে। অথচ পিজি হাসপাতালের বাইরে ৫০ হাজার টাকা দিলেই দালালরা ভর্তি করে দেওয়ার আশ্বাস দেয় বলে জানান সুদীপবাবু।
আসানসোলের মহিশীলার সানভিউ পার্কের এক চিলতে ভাড়া ঘরে থেকে রিক্সা চালিয়ে কোন রকমে সংসার চলে সুদীপ ও লক্ষ্মী পাত্রর। গত কয়েক বছরে মেয়ের চিকিৎসায় লক্ষাধিক টাকা খরচ করে এখন সংসারের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। চিকিৎসার পিছনে খরচ করার আর সামর্থ নেই পরিবারের। এখন দুই সন্তানকে নিয়ে পাত্র দম্পতি চোখের জলে দিনযাপন করছেন। আর তাকিয়ে আছেন সহৃদয় মানুষজনের দিকে। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাঁদের মেয়েকে সুস্থ করে তুলতে।







