প্রচারের শেষ লগ্নে কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন ও তাঁর সঙ্গী সাথীরা কাঁকসায় দেয়াল লিখনে কবি শঙ্খ ঘোষের কবিতা, “দেখ খুলে তোর তিন নয়ন। রাস্তা জুড়ে খড়্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন” – লিখে জন মানসে ছাপ ফেলেছেন। কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে প্রচারের শেষ দিন কবি শঙ্খ ঘোষের কবিতাকে হাতিয়ার করেই প্রচার সারলেন।
ইতিমধ্যে শাসকদলের কর্মীরা কবি শঙ্খ ঘোষের কবিতাকে পঞ্চায়েত ভোটে প্রচারের হাতিয়ার করায় বেজায় চটেছে। এদিকে, কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন মাসভর প্রচার না করেও প্রচারের শেষ দিনে কবি শঙ্খ ঘোষের বিতর্কিত কবিতাকে আধার করে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভোটে জেতা নিয়ে তিনি আশাবাদী বলে দাবি করেন।
সোমবার পঞ্চায়েত ভোট। শনিবার ছিল প্রচারের শেষ দিন। দুর্গাপুরের কাঁকসা ব্লকে বিভিন্ন এলাকায় শাসক ও বিরোধীরা প্রচারের শেষ দিন দিনভর গ্রামের মানুষের কাছে পঞ্চায়েত নির্বাচনে জয়ের আবেদন নিয়ে প্রচার সারলেন। কাঁকসার রণডিহা মোড়ে শনিবার প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থীদের নিয়ে ঢাক-ঢোল সহকারে বিশাল প্রচার মিছিল বের করে। রণডিহা মোড়ে এদিন বিজেপি কর্মীরা তাঁদের দলীয় প্রার্থীদের সমর্থনে এক পথ সভার আয়োজন করে। এই পথ সভায় বিজেপি নেতৃত্ব গ্রামবাসীদের সকাল সকাল ভোট কেন্দ্রে পৌঁছে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন করে।









